| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৯:৩৮:৪২:অপরাহ্ন  |  ৮৮৩১০৯ বার পঠিত
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ ঘটনায় শোক জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, যার নির্মম বহিঃপ্রকাশ হচ্ছে এ ধরনের সহিংস ঘটনা। এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর একটি কুচক্রী মহল আবারও নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা লুটতে অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হওয়ার ঘটনা সেই ষড়যন্ত্রেরই ভয়াবহ বহিঃপ্রকাশ।

তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিব্রত ও ব্যর্থ প্রমাণ করতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই।”

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশের অস্তিত্বকে বিপন্ন করার চেষ্টা করবে।

তিনি রাষ্ট্রকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় স্টার কাবাবের পেছনের একটি গলিতে আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়।

শোক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে হত্যাকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪