সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এটি নিয়মিত নির্ধারিত বৈঠক নয়, বরং জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে।
বিএনপির এক সিনিয়র নেতা জানিয়েছেন, বৈঠকটির জন্য কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা হয়নি। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত বা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন,
দু–এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই কার্যত তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর দলের সর্বোচ্চ পদটি শূন্য হয়ে পড়ে, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।
রিপোর্টার্স২৪/এসসি