রিপোর্টার্স২৪ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের।
শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় জিএম কাদের বলেন, বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আশা প্রকাশ করেন যে, তারেক রহমান তার মেধা, যোগ্যতা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
জিএম কাদের বলেন, তারেক রহমান এমন এক সময়ে দলের এই গুরুদায়িত্ব গ্রহণ করেছেন, যখন দেশ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচার অত্যন্ত জরুরি।
তিনি আরও আশা প্রকাশ করে বলেন, মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
শুভেচ্ছা বার্তার শেষে জিএম কাদের তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির এক বৈঠকে দলের গঠনতন্ত্র অনুযায়ী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে শূন্য হওয়া চেয়ারম্যান পদে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/এসসি