সিনিয়র রিপোর্টার: গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছে তারেক রহমান নিজেই সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,সংগত কারণেই দীর্ঘ কয়েক বছর দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সে কারণেই দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনের পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে অংশ নেওয়া সাংবাদিকরা এটিকে দীর্ঘদিন পর একটি ব্যতিক্রমধর্মী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপি নেতৃত্ব ও গণমাধ্যমের মধ্যে সরাসরি মতবিনিময়ের এই আয়োজনকে তাৎপর্যপূর্ণ বলেও মন্তব্য করেছেন অনেকে।
রিপোর্টার্স২৪/এসসি