| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৫:০২:০১:অপরাহ্ন  |  21448 বার পঠিত
নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে: নাহিদ ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতায় বিএনপির জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ে গঠিত জোট অনেকটাই এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে, নির্বাচনকে ঘিরে এখনো একটি সমতাভিত্তিক মাঠ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়েছে এমন আত্মবিশ্বাস আমাদের নেই।”

তিনি অভিযোগ করে বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে ইঙ্গিতপূর্ণ সিগন্যাল দেওয়া হচ্ছে। ঋণখেলাপি থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও চোখে পড়ছে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি, এসব অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর ও নিরপেক্ষ অবস্থান নেবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশনের শক্ত ভূমিকা এখন অত্যন্ত জরুরি।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতার মধ্য দিয়েই আমাদের মাঠে কাজ করতে হচ্ছে। তবুও আমরা পিছিয়ে যাচ্ছি না। আমাদের সাংগঠনিক প্রস্তুতি ও জনসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও দাবি করেন, বর্তমান বাস্তবতায় যদি প্রস্তুতির দিক থেকে তুলনা করা হয়, তাহলে বিএনপির নেতৃত্বাধীন জোটের চেয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির জোট অনেকখানি এগিয়ে রয়েছে। মাঠের কাজ, প্রার্থী প্রস্তুতি এবং ভোটার সংযোগ সব মিলিয়েই আমরা আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠন, প্রার্থী চূড়ান্তকরণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ কার্যক্রম জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪