রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলের শেষ সপ্তাহে, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও, করোনা মহামারির প্রভাব এবং বিভিন্ন পরিস্থিতির কারণে শেষ কয়েক বছরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।
চলতি বছরের জাতীয় নির্বাচন ও রমজান মাসকে বিবেচনায় রেখে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। এখন পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, “সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠ পর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-এক দিন বাড়ানো হতে পারে।”
তিনি আরও জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে এবং আশা করা যাচ্ছে এক থেকে দুই সপ্তাহের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে।
রিপোর্টার্স২৪/ঝুম