পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বিজয় আমাদের হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা হবে ইনশাআল্লাহ।’ তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের পাশে থেকে কাজ করতে চান।
সোমবার(১২জানুয়ারি) রাত ১০টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে একটি ওরস মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, দেশের সামাজিক ও ধর্মীয় বৈচিত্র্যই বাংলাদেশের শক্তি। আমি যেমন ওয়াজ মাহফিলে গিয়েছি, তেমনি ওরস মাহফিলেও এসেছি। এখানে বাউলসহ বিভিন্ন মত ও সংগঠনের মানুষ আছে। প্রত্যেকেরই স্বাধীনভাবে কথা বলা ও অনুষ্ঠান করার অধিকার আছে, বলেন তিনি।
তিনি আরও বলেন, কাউকে বাধা দেওয়া, গায়ের জোরে অনুষ্ঠান বন্ধ করা বা হামলা চালানো সমাজে বিশৃঙ্খলা ও নৈরাজ্য তৈরি করে। আমরা এ ধরনের ঔদ্ধত্য দেখাব না। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনাদের পাশে থাকব, যোগ করেন নুর।
সংখ্যালঘুদের প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর গলাচিপা ও দশমিনা অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের ব্যবসা ও ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কেউ আক্রান্ত হলে আমাকে জানাবেন। ব্যবসা করতে এক পয়সাও চাঁদা দিতে হবে না।
আগামী দিনে গলাচিপা-দশমিনাকে রাজনৈতিক সম্প্রীতির রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামায়াত সব দলের মানুষ সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে থাকবে। রাজনৈতিক মতের কারণে কারও ওপর হামলা, মামলা বা জুলুম হবে না। ন্যায় ও ইনসাফের সমাজই আমরা কায়েম করতে চাই।
রিপোর্টার্স২৪/এসসি