সিনিয়র রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে নিয়েই জোটগতভাবে চূড়ান্ত প্রার্থী ও আসন ঘোষণা করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
মাওলানা মামুনুল হক বলেন, আজ দশ দলের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে পারবো।
তিনি আরও বলেন, রাতে যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানে জোটের ভবিষ্যৎ সিদ্ধান্ত ও আসন বণ্টন নিয়ে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই চূড়ান্তভাবে আসন ঘোষণা করতে পারবো।
রাজনৈতিক অঙ্গনে ১১ দলীয় জোটের ভবিষ্যৎ ও শরিকদের অবস্থান নিয়ে যখন নানা আলোচনা ও জল্পনা চলছে, তখন মামুনুল হকের এই বক্তব্যকে জোটগত ঐক্য ধরে রাখার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে থাকা বা না থাকার বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ইঙ্গিত পাওয়া যায়, যা রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করে। এ প্রেক্ষাপটে রাতের সংবাদ সম্মেলনে আসন বণ্টন ও জোটের কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি