স্টাফ রিপোর্টার: আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান বলেছেন, বাংলাদেশে ব্যবসা এবং অর্থনীতির উন্নতির জন্য খালেদা জিয়ার অবদান ছিল সুদূরপ্রসারী। নব্বইয়ের দশকে খালেদা জিয়ার বাজারমুখী নীতির ফলে বেসরকারি খাত, বাণিজ্য ও বিনিয়োগে গতি আসে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় সিমিন রহমান এ কথা বলেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ রাজনীতিক, কূটনীতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে অনুষ্ঠান শেষ হয়।
মানুষ হিসেবে খালেদা জিয়ার আপসহীন নীতির কথা উল্লেখ করে সিমিন রহমান বলেন, খালেদা জিয়ার সময় ভ্যাট পলিসি, আর্থিক খাতের সংস্কার, প্রাইভেটাইজেশন বোর্ড এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনীতি প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হয়। প্রবাসী আয়, রপ্তানি বৃদ্ধি উন্নয়নকে আরও ত্বরান্বিত করা হয়।
তৈরি পোশাক শিল্পে খালেদা জিয়ার অবদান বিশেষভাবে স্মরণীয় বলে উল্লেখ করেন সিমিন রহমান। তিনি বলেন, একইভাবে ১৯৯৪ সালে ওষুধের মূল্যনীতির ফলে ওষুধশিল্পে গুণগত উন্নয়ন, গবেষণা ও বিনিয়োগ বেড়েছিল। যার ফলে বাংলাদেশ আজ ওষুধে নিজের ওপর শতভাগ নির্ভরশীল। এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি ব্যতিক্রমধর্মী উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।
সিমিন রহমান বলেন, খালেদা জিয়া সব সময় বিশ্বাস করতেন, ব্যবসা হতে হবে নৈতিকতার সঙ্গে। আর উন্নয়ন হতে হবে মূল্যবোধের ওপর ভিত্তি করে। সাবেক এই সরকারপ্রধানের এসব গুণ নিজের বাবা ও ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের জীবন ও কর্মে দেখেছেন বলে উল্লেখ করেন সিমিন রহমান। তিনি বলেন, ‘আমি পার্সোনালি অনেকবার আমার বাবার (লতিফুর রহমান) কাছে শুনেছি, খালেদা জিয়া সব সময় এথিক্যালি (নৈতিকভাবে) এবং সঠিক পথে বিজনেস (ব্যবসা) করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। এমন ভ্যালুসের (মূল্যবোধ) বিকাশের পেছনে দেশনেত্রীর প্রেরণা ও নেতৃত্ব ছিল নীরব, কিন্তু শক্তিশালী।’
সিমিন রহমান বলেন, ‘খালেদা জিয়া আজ নেই, কিন্তু উনার (খালেদা জিয়া) ত্যাগ, উনার দৃঢ়তা এবং নীরব সাহস বেঁচে থাকবে। বাংলাদেশ উনাকে হারায়নি, বাংলাদেশ উনাকে ইতিহাসে অমর করেছে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব