| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ আমন্ত্রণ পেয়েছেন পুতিন: দাবি ক্রেমলিনের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ২২:৫৫:১৬:অপরাহ্ন  |  ১৪০১২৮ বার পঠিত
ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ আমন্ত্রণ পেয়েছেন পুতিন: দাবি ক্রেমলিনের

আন্তর্জাতিক প্রতিনিধি: ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘গাজা শান্তি বোর্ডে’ যোগদানের আমন্ত্রণ পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ওয়াশিংটনের সঙ্গে প্রস্তাবের, সব দিক পরিষ্কার করতে চায় মস্কো।

সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ নিশ্চিত করেনি।

এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনের কোনো ইতিবাচক সংকেত না থাকায় এ আমন্ত্রণ নতুন বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এতে ট্রাম্পের রাশিয়া-ঘেঁষা অবস্থানের অভিযোগ আরও জোরালো হলো।

ক্রেমলিন আরও জানায়, পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ এ সপ্তাহে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেবেন এবং সেখানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তবে ওই আলোচনায় গাজা শান্তি বোর্ডের বিষয় থাকবে কি না, তা স্পষ্ট নয়।

ট্রাম্পের প্রস্তাবিত এই বোর্ড গাজায় যুদ্ধবিরতি তদারকি ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে জানানো হয়েছে। বোর্ডের প্রথম ঘোষিত সদস্যদের মধ্যে আছেন ট্রাম্প নিজে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

এরই মধ্যে জানা গেছে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, তুরস্ক, মিসর, কানাডা ও থাইল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের নেতাদেরও এই বোর্ডে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছে। বেলারুশ জানিয়েছে, দেশটির নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো আমন্ত্রণ পেয়েছেন এবং তা স্বাগত জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে, যদিও তিনি এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় আছেন।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, বোর্ডটি মধ্যপ্রাচ্যে শান্তি সুসংহত করার পাশাপাশি ‘বিশ্বব্যাপী সংঘাত সমাধানে একটি সাহসী নতুন পথ’ অনুসরণ করবে। তবে বোর্ডের সদস্য হতে চাইলে প্রতিটি দেশের নেতাকে সর্বোচ্চ তিন বছরের জন্য দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে। স্থায়ী সদস্য হতে চাইলে সংশ্লিষ্ট সরকারকে এক বিলিয়ন ডলার ফি দিতে হবে—যা ট্রাম্পের মার-আ-লাগো ক্লাবের অভিজাত সদস্যপদ কাঠামোর সঙ্গে তুলনা করা হচ্ছে। এই অর্থ কোথায় ব্যয় হবে, তা স্পষ্ট নয়।

এরই মধ্যে ফ্রান্স এই বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটি জানিয়েছে, জাতিসংঘ কাঠামোর বাইরে এমন উদ্যোগে তারা আগ্রহী নয়। কানাডাও স্থায়ী সদস্যপদের জন্য অর্থ পরিশোধে অনিচ্ছা প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, পুতিনকে এ ধরনের বৈশ্বিক শান্তি উদ্যোগে অন্তর্ভুক্ত করার দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন প্রশ্ন ও বিতর্ক তৈরি করবে।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                                      সূত্র: দা গার্ডিয়ান

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪