| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সঙ্গে ইইউভুক্ত রাষ্ট্রদূতদের বৈঠক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ০৬:৪৭:১৬:পূর্বাহ্ন  |  ৭৯২৪৩৯ বার পঠিত
তারেক রহমানের সঙ্গে ইইউভুক্ত রাষ্ট্রদূতদের বৈঠক

সিনিয়র রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে কূটনৈতিক প্রতিনিধিদল এতে অংশ নেন।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির এবং তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

কূটনৈতিক প্রতিনিধিদলে ছিলেন জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ফ্রান্সিসকাস জেরার্ডাস ভ্যান বোমেল, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনুস রাগনুর উইকস, ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো আন্তোনিও, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালদ গুলব্রান্ডসেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ২৫ ডিসেম্বরের প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক মহলে তারেক রহমান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। তিনি জানান, মোট ১১ জন রাষ্ট্রদূত এ বৈঠকে অংশ নেন এবং বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির আরও বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দলের ঘোষিত ৩১ দফা উন্নয়ন পরিকল্পনার আলোকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা হবে। পাশাপাশি চলমান অন্তর্বর্তী সরকারের অগ্রগতি বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার ব্যাপারেও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক রূপান্তর ও জনগণের মতামতকে আন্তর্জাতিক মহল গুরুত্বের সঙ্গে দেখছে এবং তারা বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪