| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১০:৪৭:৩৬:পূর্বাহ্ন  |  ৭৯১৩০৭ বার পঠিত
দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা: জামায়াত আমির

রিপোর্টার্স২৪ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী দিনের বাংলাদেশ হবে শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের আস্থাভিত্তিক এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে ঐক্য, ন্যায়বিচার ও নিরাময়ের দর্শন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিট–২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, নীতিনির্ধারক, কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসন হবে জবাবদিহিমূলক এবং ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। তার ভাষায়, ন্যায়, নৈতিকতা ও স্বচ্ছতার ভিত্তি ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হতে পারে না।

নারীর ক্ষমতায়ন ও শিক্ষায় সমান অধিকার

নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীদের সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে জামায়াতে ইসলামী শীর্ষ অবস্থানে রয়েছে। বর্তমানে দলের মোট সদস্যের প্রায় ৪৩ শতাংশ নারী—যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য উদাহরণ।

তিনি বলেন, নতুন বাংলাদেশে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণে কোনো ধরনের বৈষম্য গ্রহণযোগ্য হবে না বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

তরুণদের ঘিরে রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা

তরুণ সমাজকে দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থায় যুব কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কর্মসংস্থানহীন তরুণ সমাজ রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, আর দক্ষ ও কর্মক্ষম তরুণরাই একটি দেশকে এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তিনি একটি আধুনিক কল্যাণরাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন, যেখানে বাজার অর্থনীতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, নতুন বাংলাদেশে বিনিয়োগের জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও আস্থাভিত্তিক পরিবেশ সৃষ্টি করা হবে।

শিল্পখাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সম্পদ কিংবা অর্থনৈতিক কাঠামো যেন কোনো সরকার বা গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে—এ বিষয়ে জামায়াতে ইসলামী আপসহীন থাকবে। দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির সংস্কৃতি রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে দেয় উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

একই সঙ্গে তিনি কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তার মতে, কৃষিকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন অর্জন অসম্ভব।

সংখ্যালঘু অধিকার: ধর্মীয় দায়িত্ব হিসেবে দেখছে জামায়াত

সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা রক্ষাকে জামায়াত আমির কেবল রাজনৈতিক দায় নয়, বরং একটি পবিত্র ধর্মীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমানে জামায়াতে ইসলামীর সঙ্গে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রায় পাঁচ লাখ সদস্য যুক্ত রয়েছেন, যারা দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

তিনি বলেন, ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

আন্তর্জাতিক অংশীদারিত্ব ও ঐক্যের আহ্বান

বক্তব্যের শেষাংশে ডা. শফিকুর রহমান বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান সময় বিভক্তির নয় বরং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার সময়।

সামিটে অংশগ্রহণকারী বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের ধন্যবাদ জানিয়ে তিনি স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪