কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজমোড় এলাকার গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দলটি।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনেই হানাহানি ও সহিংসতামুক্ত শান্তিপূর্ণ ভোট চায়। এ ক্ষেত্রে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০ দলীয় জোটসহ সব রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করবে বলে তারা প্রত্যাশা করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের কোনোটি না-ও পাওয়া যায়, তবুও তাদের কোনো আক্ষেপ থাকবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, সাবেক আমির আব্দুল মতিনসহ দলটির অন্যান্য নেতাকর্মী এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব