| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১৩:৩৫:৫৩:অপরাহ্ন  |  ৭৮২০২৫ বার পঠিত
তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে সেখানে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে অবাস্তব ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ওই প্রতিশ্রুতি নিয়ে সমালোচনার পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নযোগ্য নয়। এটি সরাসরি নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘনের শামিল। এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব থাকায় প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। তার অভিযোগ, তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্য প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে।

এ সময় বিএনপির ‘ফ্যামিলি কার্ড’সহ অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতিরও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশন পূর্বের হুদা-রাকিব কমিশনের পথেই এগোচ্ছে।

বিএনপির পক্ষে একাধিক গণমাধ্যম ভূমিকা রাখছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তার ভাষ্য অনুযায়ী, গণমাধ্যম দখল করা হয়েছে এবং অনেক গণমাধ্যম প্রকাশ্যেই বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘ লড়াইয়ের পর তিনি ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছেন। তবে প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে এ কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিচার শেষ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪