রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার পছন্দের হাঁস প্রতীক পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্তভাবে বৈধ প্রার্থী রয়েছেন ৪৮ জন। দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক, আর স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ করা হয়েছে।
হাঁস প্রতীক পাওয়ার পর রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “আমি আমার ভোটার, কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা যখন আমাকে দেখে, ছোটো বাচ্চারা চিৎকার করে, ‘আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা’। এই মার্কাটা আমার ভোটারদের, আমার নয়।”
তিনি আরও জানান, আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তাদের ইচ্ছা অনুযায়ী আমি এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব।
রুমিন ফারহানা নিজে পালিত হাঁস চুরির অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন এবং সতর্ক করে বলেন, যদি কেউ আমার প্রতীক চুরির চেষ্টা করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।
রিপোর্টার্স২৪/ঝুম