রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পর এবার বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়াল মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য। একই সঙ্গে দলটি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং ১১টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) নাগরিক ঐক্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে আসন সমঝোতা না হওয়ায় জেএসডি একক নির্বাচনের পথে হাঁটার ঘোষণা দেয়। এবার আসন সমঝোতার আলোচনা হলেও নিজেদের দাবিতে ছাড় না পাওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র নাগরিক ঐক্যও জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, এই টানাপোড়েনের কেন্দ্রবিন্দু ছিল বগুড়া-২ আসন। ওই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বিপরীতে বিএনপি ধানের শীষ প্রতীকে শাহে আলমকে মনোনয়ন দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের চেষ্টা চললেও তা বাস্তবায়িত না হওয়ায় জোটে ভাঙন দেখা দেয়।
এ বিষয়ে মান্না বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক দফা যোগাযোগ করলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি ‘একলা চলো নীতি’অনুসরণের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহমুদুর রহমান মান্না নিজে ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি আরও ১০টি সংসদীয় আসনে নাগরিক ঐক্যের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে চলমান নির্বাচনী রাজনীতিতে বিএনপি জোটের ভেতরে নতুন করে ভাঙনের চিত্র স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রিপোর্টার্স২৪/ঝুম