স্টাফ রিপোর্টার: ‘ঢাকায় কোনও সিট দিবো না, সব সাইজ হয়ে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।
গতকাল মঙ্গলবার রাতে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, ডা. খালিদুজ্জামান গাড়িতে বসে কোথায়ও যাওয়ার সময় কথাগুলো বলছিলেন। তার এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
ডা. খালিদুজ্জামানকে ওই ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘ভয় পেয় না, সব সাইজ হয়ে যাবে। কালকে আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি গুলশানে। তোমরা কালকে সন্ধ্যার দিকে ওদিক থাকবার একটা প্ল্যান রাইখো।’
তিনি আরও বলেন, ‘এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কি করে, এটা নিয়ে ভয় পেও না, সব একেবারে সাইজ হয়ে যাবে। শিবির ছাত্র সংসদের সব ভোটে জিতবে, শাকসু নির্বাচনেও জিতবে। নির্বাচনে ঢাকায়ও জিতবে, সব জিতবে। ঢাকায় কোনও সিটই দিবো না।’
তার এমন অসংগতিমূলক ভিডিও সামনে আসায় জনমনে অস্থিরতা বিরাজ করছে। এর আগে ডা. এসএম খালিদুজ্জামানকে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
বিএমডিসির নোটিশে বলা হয়েছে, ডা. এসএম খালিদুজ্জামান তার প্রচারপত্রে নামের পাশে ‘এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রায়োলোজি অ্যান্ড প্রি-ইমপ্ল্যানটেশন জেনেটিক্স (ভারত)’ ডিগ্রি উল্লেখ করে চিকিৎসাকার্য পরিচালনা করছেন। বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়- এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে প্রতারণার শামিল এবং এটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। আইনের লঙ্ঘনকারী ব্যক্তি ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে প্রতিবার ৫০ হাজার টাকা অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব