| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৩:০০:২৯:অপরাহ্ন  |  ৭৭৮৩৮৯ বার পঠিত
সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিলেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিলেট ব্যুরো: সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছালে মাঠজুড়ে স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে।

এর আগে বিমানবন্দর এলাকার গ্র্যান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখান থেকে আলিয়া মাদ্রাসা মাঠে যাওয়ার পথে, বিশেষ করে চৌহাটা মোড়সহ বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেওয়া হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানের মাধ্যমে অভ্যর্থনা জানান।

জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন রঙের টুপি পরে সমাবেশে যোগ দেন। বুধবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের জমায়েত শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে প্রবেশ করেন। সকাল ১১টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে স্থান সংকুলান না হওয়ায় মাঠের পশ্চিম ও দক্ষিণ পাশের সড়ক ও ফুটপাতে অবস্থান নেন অনেকে।

সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন আম্বরখানা মসজিদের ইমাম মাওলানা ছালিক আহমদ।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় শুরুতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন। সকাল ১১টার দিকে সমাবেশস্থলে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরের দিকে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদেরও মঞ্চের পাশে অবস্থান করতে দেখা যায়।

সিলেটে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর উদ্দেশ্যে তারেক রহমান বুধবার রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন। পরে মধ্যরাতে তিনি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে নিজ শ্বশুরবাড়িতে যান এবং সেখানে নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪