স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে নয়, স্থানীয় সরকার ব্যবস্থাতেও কার্যকর করতে হবে। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।
তারেক রহমান বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও স্থানীয় কমিউনিটি পর্যায়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। উন্নত দেশগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সব জায়গায় গণতান্ত্রিক অনুশীলন কার্যকরভাবে রয়েছে, যা বাংলাদেশেও প্রয়োগ করা প্রয়োজন।
তিনি চিকিৎসা ব্যবস্থার ঘাটতির দিকে ইঙ্গিত করে বলেন, সরকারি হাসপাতাল ও চিকিৎসকের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বহু মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল উল্লেখ করেন, যেখানে সীমিত সম্পদের মধ্যে বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হয়।
তারেক রহমান আরও বলেন, হাসপাতাল নির্মাণে জমি অধিগ্রহণ, বাজেট এবং টেন্ডার প্রক্রিয়া দীর্ঘ সময় নেয়। ফলে রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পেতে দেরি করেন। তাই দ্রুত সেবা নিশ্চিত করতে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ গুরুত্বপূর্ণ।
কমিউনিটি পর্যায়ে হেলথ কেয়ার ওয়ার্কারদের মৌলিক চিকিৎসা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সাধারণ রোগে ঘরে ঘরেই প্রাথমিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এতে হাসপাতালের ওপর চাপও কমবে।
বিদেশে অদক্ষ শ্রমিকের বিষয়ে তিনি বলেন, প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বিদেশে যান, যার বড় অংশ অদক্ষ। দেশে অর্থনীতিতে তাদের অবদান সীমিত। এজন্য কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে আধুনিক করার পাশাপাশি ভাষা শিক্ষা যুক্ত করা হবে।
নারী ক্ষমতায়নের প্রসঙ্গে তারেক রহমান উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার সময় মেয়েদের শিক্ষায় বিনামূল্য ব্যবস্থা চালুর ফলে নারী শিক্ষায় বড় অগ্রগতি হয়েছে। বিএনপির পরিকল্পনায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা পরিবারের প্রধান নারীর নামে দেওয়া হবে। এর মাধ্যমে মাসিক ২ থেকে ২.৫ হাজার টাকা নগদ সহায়তা বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে।
পরিবেশ সুরক্ষার সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, নাগরিকের কথা বলার অধিকার থাকলেই শহরের ময়লা ব্যবস্থাপনা, বায়ুদূষণ ও শব্দদূষণের মতো সমস্যা সমাধান সম্ভব। বিএনপি আগামী পাঁচ বছরে দেশজুড়ে ৮০ কোটি গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে।
কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীর ভূমিকার বিষয়ে তিনি বলেন, কৃষককে বাস্তব ও কার্যকর সহায়তা দিতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম