স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, এই এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো জায়গা হবে না। যারা ভালো মানুষ, তাদের সেবায় নিয়োজিত থাকাই হবে আমার রাজনীতি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরখান এলাকায় শাহ কবির (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর বলেন, প্রায় ৩৮ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি সবসময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
করোনাকালীন দুঃসময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘যখন অনেক পরিবার আপনজন হারিয়ে অসহায় হয়ে পড়েছিল, এমনকি কেউ কেউ লাশ দেখতে সাহস পায়নি, সেই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নিয়েছি এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি।’
তিনি আরও বলেন, বিএনপি জনদূর্ভোগ সৃষ্টি করে কোনো শোডাউন বা মিছিলের রাজনীতিতে বিশ্বাস করে না। তারেক রহমানের স্বপ্নের ‘মানবিক বাংলাদেশ’ গড়তে হলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো যাবে না।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আল্লাহর রহমত ও জনগণের ভোটে যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও হেলথ কার্ড চালু করা হবে। এছাড়া ১৮ মাসের মধ্যে সারাদেশে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
উত্তরখান থানা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, আফাজ উদ্দিনসহ মহানগর, থানা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
রিপোর্টার্স২৪/ধ্রুব