স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেই বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত–এনসিপি সমর্থিত ১০ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, ঢাকা-১৮ আসন আগামীর নতুন বাংলাদেশের আদর্শ ও পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রচারণার প্রথম দিনে উত্তরার ৭ নম্বর সেক্টরের দলীয় অফিসের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, উত্তরা ও ঢাকা-১৮ আসন নতুন বাংলাদেশের ধারক ও বাহক হবে। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয় ছিনিয়ে আনব।
তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ ও আহতদের একটি গুরুত্বপূর্ণ এলাকা ঢাকা-১৮। এ আসনের শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করাই তাদের অন্যতম অঙ্গীকার।
প্রচারণার প্রথম দিনেই সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া প্রসঙ্গে তিনি বলেন, মানুষের যে ভালোবাসা ও অংশগ্রহণ পাচ্ছি, তা অত্যন্ত আশাব্যঞ্জক। এই এলাকার ভোটাররা আধিপত্যবাদবিরোধী এবং একটি ঐক্যবদ্ধ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ দেখতে চায়।
নির্বাচনী মাঠে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সক্রিয় সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তাদের লক্ষ্য একটি আধুনিক, মানবিক ও জনবান্ধব ঢাকা-১৮ গড়ে তোলা।
সমাবেশ শেষে শাপলা কলি প্রতীক নিয়ে ক্যারাভান সহকারে উত্তরা বিএনএস সেন্টার, জমজম টাওয়ার, আজমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
এর আগে ফজরের নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াত–এনসিপি ১০ দলীয় জোট মনোনীত এই প্রার্থী।
রিপোটার্স ২৪/এসসি