| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানের শীষের পাশাপাশি শরিকদের প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ০১:৩১:১০:পূর্বাহ্ন  |  ৭৭৬১৭৭ বার পঠিত
ধানের শীষের পাশাপাশি শরিকদের প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পাশাপাশি আসন সমঝোতার শরিক দলগুলোর প্রার্থীদের প্রতীকেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি ‘মাথাল’ ও ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কট্টাপাড়া মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তারেক রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপির ধানের শীষের প্রার্থী রয়েছেন। বাকি দুই আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ‘মাথাল’ প্রতীকে এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জোনায়েদ সাকি ধানের শীষের ভাই। আমাদের কঠিন সময়ে তারা পাশে ছিলেন। তাই আপনারা মাথাল মার্কায় ভোট দেবেন।

তিনি আরও বলেন, ধানের শীষের পাশাপাশি আমাদের শরিকদেরও জয়ী করতে হবে। কারণ ভোটাধিকার ও মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাদের বড় ভূমিকা ছিল।

তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। এই অর্জনের পেছনে যারা আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদের জয়ী করা বিএনপির রাজনৈতিক দায়িত্ব।

সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন তাহাজ্জুতের নামাজ পড়ে ভোরে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বলেন, এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটা জনগণের, কোনো ব্যক্তির সম্পত্তি নয়।

একই সঙ্গে তিনি ধর্মকে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টার সমালোচনা করে বলেন, একটি দল সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ‘বেহেশতের টিকিট’ বিক্রির মতো প্রতারণা করছে। এ ধরনের অপতৎপরতা থেকে সতর্ক থাকতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে প্রচারণা শুরু করে বিএনপি। পরে মৌলভীবাজার ও হবিগঞ্জ হয়ে রাতে ব্রাহ্মণবাড়িয়ায় এই সমাবেশে যোগ দেন দলের চেয়ারম্যান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪