| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৫:০১:২০:অপরাহ্ন  |  ৭৭৫০৫২ বার পঠিত
নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতেই দেশে পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচন ঘিরে দেশে আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪২) গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তদের এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাঁপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা ফের সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে এই অপশক্তি আরও বড় ধরনের নাশকতার দিকে এগিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমেই অবনতিশীল হয়ে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো এখন সময়ের দাবি।

তিনি জোর দিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক সহিংসতা ও গুপ্ত হামলা চলতে থাকলে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব নয়।

বিবৃতির শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা হাসান মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি গুলিবিদ্ধ হাসান মোল্লাসহ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪