| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষের প্রতিনিধি: নুরুল হক নুর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৭:২৪:৫৩:অপরাহ্ন  |  ৭৭১২৮৯ বার পঠিত
ট্রাকই হচ্ছে নৌকা-ধানের শীষের প্রতিনিধি: নুরুল হক নুর
ছবির ক্যাপশন: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-৩ আসনের গণ অধিকার পরিষদের (গঅপ) প্রার্থী ও দলটির সভাপতি নুরুল হক নুর বলেছেন, “বাংলাদেশের এই অঞ্চলে বিগত নির্বাচনে নৌকা ও ধানের শীষ ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার ব্যালটে নৌকা নেই, ধানের শীষ নেই। ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি।”

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল মাদরাসার মাঠে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুকালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “আমরা বিএনপির সঙ্গে সমঝোতা করেছি। আমি আশা ও বিশ্বাস নিয়ে এক চরম প্রতিকূল পরিস্থিতিতে এই নির্বাচন করছি। ঝুঁকি আছে কারণ বিএনপির সঙ্গে জোট করেছি, তারা আমাদের সমর্থন দিয়েছে। কিন্তু বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারেক রহমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আরেকজন লোক নির্বাচন করছেন।”

তিনি আরও বলেন, “শুনেছি তিনি অফিস খুলেছেন এবং সেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি লাগিয়েছেন। এটা বিএনপির নেতারা ভাববেন কীভাবে প্রতিরোধ করবেন। কারণ দল থেকে বহিষ্কৃত, পদ নেই সে তো দলের পরিচয় বহন করতে পারে না। বিএনপি তো অফিসিয়ালি আমাদেরকে এই আসনে সমর্থন দিয়েছে।”

সভায় গণ অধিকার পরিষদের সদর ইউনিয়নের সভাপতি মো. ফারুক খলিফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, যুবদলের কেন্দ্রীয় কমিটি নির্বাচন কমিটির সদস্য ইখতিয়ার রহমান কবির, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মহিবুল্লাহ এনিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবু নাঈম প্রমুখ।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪