রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে ভাসানটেকের বিআরপি ময়দানে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ৬টা ২৭ মিনিটে মঞ্চে পৌঁছান তিনি। নির্বাচনি প্রচারের দ্বিতীয় দিনের অংশ হিসেবে শুরু হওয়া এ জনসভায় প্রায় ১০ থেকে ১১ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে মঞ্চে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিআরপি মাঠ ও আশপাশের এলাকা মানুষে ভরে ওঠে। সমাবেশ শুরুর অনেক আগেই নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মাঠে জড়ো হতে শুরু করেন। ধানের শীষ প্রতীক হাতে স্লোগান দিয়ে পুরো ভাসানটেক এলাকা মুখর হয়ে ওঠে। স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এর আগে নির্বাচনি প্রচারের প্রথম দিনেই টানা ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপি চেয়ারম্যান। সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৬ ঘণ্টায় সাতটি জেলার জনসমাবেশে অংশ নেন তিনি।
প্রথম দিনের শেষ সমাবেশ অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া এলাকায়। সেখানে বক্তব্য শেষ করে ভোররাতের কিছু সময় পর ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। দীর্ঘ ও টানা প্রচার শেষে নিজ নির্বাচনি এলাকায় সরাসরি উপস্থিত হন তারেক রহমান।
রিপোর্টার্স২৪/আয়েশা