| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট সম্পূর্ণ ভালোবাসার বিষয়, জোরজবরদস্তির স্থান নেই: হাসনাত আব্দুল্লাহ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ২০:৫৬:৪১:অপরাহ্ন  |  ৭৭৪৮৮৪ বার পঠিত
ভোট সম্পূর্ণ ভালোবাসার বিষয়, জোরজবরদস্তির স্থান নেই: হাসনাত আব্দুল্লাহ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কেন্দ্র দখল ও হুমকির রাজনীতির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভোট দেয়া সম্পূর্ণ ভালোবাসার বিষয়, এখানে জোরজবরদস্তির কোনো স্থান নেই।’

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত কর্তৃক ১০ দলীয় জোট মনোনীত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এই প্রার্থী বলেন, ‘হয়তো অন্য পার্টি করে অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল করবে কিন্তু গোপনে সে আমাকে ভোট দেবে ইনশাল্লাহ। সিএনজি যারা চালায়, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয়, আর যাই হোক ১০ টাকার জন্য কোনো দিন আসবে না।’

তিনি আরো বলেন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে আপনারা শাপলা কলিতে ভোট দেবেন। আমাকে দিয়ে আর যাই সম্ভব হোক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কোনো দিনও সম্ভব না। আপনারা বিনা পয়সায় ভোট দেবেন, আমরা পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সার্ভিস দেবো।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি সম্মান ও মানুষের সেবা করার আগ্রহ থেকে রাজনীতিতে এসেছি। এই অঙ্গনে যেন শুধু শিক্ষিত ও সজ্জন ব্যক্তিরাই আসে। ব্যাংক ডাকাতেরা রাজনীতিতে আসে তাদের অবৈধ সম্পদ রক্ষা করতে এবং ট্যাক্স ফ্রি গাড়ি-বাড়ির সুবিধা নিতে। রাজনীতি যেন কোনোভাবেই ইনভেস্টমেন্ট এবং সেই বিনিয়োগের রিটার্ন পাওয়ার মাধ্যম না হয়, তা ভোটারদেরই নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘গত দেড় বছরে আমি কিংবা আমার লোক বা ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য যায় নাই। কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাট দখল করতে যায় নাই, কেউ সিএনজি থেকে টাকা নেয় নাই। যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা কর্ম করে খায়, যারা কলকারখানাতে কাজ করে, তাদের থেকে এবার নেতা নির্বাচিত হবে ইনশাল্লাহ।’

এনসিপি নেতা বলেন, ‘রাজনীতিকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে হবে। রাজনীতি যদি ব্যয়বহুল ও বিলাসিতার বিষয়ে পরিণত হয়, তাহলে তা ব্যাংক ডাকাত, লুটেরা ও দুর্নীতিবাজদের দখলে চলে যাবে।’ এছাড়া পথসভায় হাসনাত আব্দুল্লাহ রাজনীতিতে বিদ্যমান ‘ভিআইপি কালচার’ নিয়ে তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ‘আমাদের প্রোগ্রাম গুলোতে আমরা বড় চেয়ার, ছোট চেয়ারের বৈষম্য বা বিশেষ প্রটোকল এড়িয়ে চলার চেষ্টা করি। আয়োজকদের প্রতি অনুরোধ, আপনারা নেতাদের ঘিরে রেখে কৃত্রিম বলয় তৈরি করবেন না। নেতাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেললে তিনি নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েন। এতে রাজনীতি জনবিচ্ছিন্ন হয়ে যায়।’

এর আগে, সকালে নিউমার্কেট থেকে গণসংযোগ শুরু করেন হাসনাত আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদসহ ১০ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সমর্থক।

উল্লেখ্য, শুক্রবার হাসনাত আব্দুল্লাহ পৌরসভার পুরাতন বাজার, ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও শান্তির রোডে পৃথক পৃথক উঠান বৈঠকে বক্তব্য দেন। এছাড়া বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনি কার্যালয় উদ্বোধন করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪