রিপোর্টার্স২৪ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের জন্য জীবন বিসর্জন দেওয়ার ক্ষেত্রে তিনি শহীদ আবু সাঈদের মতোই আত্মনিয়োগ করতে প্রস্তুত। তবে দেশের এক ইঞ্চি জমির মর্যাদা কোনো অবস্থাতেই সমঝোতার বিষয় হতে পারবে না।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জের জাফরপুর বামনপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, আমরা অঙ্গীকার করছি জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত করব না। যেভাবে শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, দেশের জন্যও একইভাবে বুক পেতে প্রস্তুত আছি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা একসাথে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, আমরা এখানে এসেছি আবেগের ঠিকানা খুঁজতে, আমাদের কলিজার টুকরা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আপনারা ভালোবাসা দিয়ে আমাদের গ্রহণ করেছেন, যা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আল্লাহ এই পরিবারের এবং এখানকার মানুষের মর্যাদা বৃদ্ধি করুন।
শহীদদের স্মরণ করে তিনি বলেন, আবু সাঈদ ও তার সঙ্গীরা আমাদের ঋণী করেছেন। তারা যে দায়িত্ব আমাদের কাঁধে রেখেছেন, আমরা জীবন দিয়ে সেই আমানত রক্ষা করার জন্য লড়ব। তাদের স্বপ্ন দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।
শফিকুর রহমান নিশ্চিত করেন, আমাদের কোনো স্বার্থপর এজেন্ডা নেই। ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি, দখলদারি বা দুর্নীতি করি নাই। কাউকে মামলা দিয়ে হয়রানি করি নাই বা ব্যক্তিগত প্রতিশোধ নেই। বরং আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
তিনি উল্লেখ করেন, বিভক্তি দূর করার জন্য আমরা ১০টি দল একত্রিত হয়েছি। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দিচ্ছি। এই আসনে যাকে দেওয়া হয়েছে, তিনি একজন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেম এবং সারাদেশে পরিচিত। তাকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি।
কবর জিয়ারতের পর শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কুশলবিনিময় করা হয়। এসময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম