রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে তিনি চট্টগ্রামে পৌঁছাবেন। সফরের অংশ হিসেবে আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমানের আগমনকে ঘিরে চট্টগ্রাম মহানগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পলোগ্রাউন্ড মাঠে বিশাল মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে নগরীর প্রধান সড়ক, মোড় ও প্রবেশপথগুলোতে তাকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর।
বিএনপি নেতারা জানান, ২০০৫ সালে চারদলীয় জোট সরকারের সময় সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, “দীর্ঘদিন পর তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে আমরা একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করতে চেয়েছি। সেই লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমগ্র চট্টগ্রামবাসী তাকে স্বাগত জানাতে মুখিয়ে আছে।”
এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, “অতীতে শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষের উপস্থিতি ছিল। এবার তারেক রহমানকে কেন্দ্র করে পলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে আশপাশের রাজপথেও জনস্রোত নামবে বলে আমরা আশা করছি।”
দলীয় নেতারা মনে করছেন, এই জনসভা চট্টগ্রামে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে এবং সাংগঠনিক শক্তির বড় ধরনের প্রদর্শন ঘটবে।
রিপোর্টার্স২৪/আয়েশা