সিনিয়র রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম। তিনি জানান, নিহত হাসান মোল্লার মরদেহ বর্তমানে হলি ফ্যামিলি হাসপাতালে রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
রিপোটার্স ২৪/এসসি