স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে বারো আউলিয়ার শহর চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি চট্টগ্রামে অবতরণ করেন। রাতে চট্টগ্রামে থাকবেন তিনি। পরে রবিবার চট্টগ্রামসহ চার জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান।
চট্টগ্রাম বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে শনিবার বিকালে রাজধানীল গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, রবিবার তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ হবে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে বেলা ১১টা ৩০ মিনিটে। বিকালে তিনি ফেনীতে যাবেন। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল চারটায় জনসভায় যোগ দেবেন তিনি। ফেনীতে নানা বাড়িতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
এরপর বিকাল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি। এর একটি সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে সুয়াগাজী ডিগবাজির মাঠে। অন্যটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এই জনসভা রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষ করে গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন তারেক রহমান।
রিপোর্টার্স২৪/ধ্রুব