সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে তাঁকে মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামীকে ‘ফেরেশতাসুলভ’ বলেও মন্তব্য করেন তিনি।
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় জামায়াত আমির এসব মন্তব্য করেন।
এ সময় আওয়ামী লীগ আমলে জামায়াত নেতাদের ‘বিনা বিচারে হত্যা ও নির্যাতন’র অভিযোগ তুলে নিন্দা জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, এটি জনগণ চায় না।’
জামায়াত আমির দাবি করেন, ‘৫ আগস্টের পর জামায়াতের সাড়ে তিন কোটি নেতা-কর্মী কোনো অপকর্মে লিপ্ত হননি।’ অন্যদিকে ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতা-কর্মীরা টেম্পুস্ট্যান্ড দখল ও মামলা বাণিজ্য করছেন বলেও অভিযোগ তাঁর।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহজাহান আলীর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।
রিপোর্টার্স২৪/ধ্রুব