রংপুর প্রতিনিধি: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন, প্রস্তাবিত গণভোট সংবিধানসম্মত নয় এবং এটি বেআইনি ও অবৈধ। তিনি বলেন, জনগণকে সব বিষয় স্পষ্টভাবে না বুঝিয়ে আগেভাগে হ্যাঁ বা না ভোটে অবস্থান নিতে বলা হচ্ছে, যা গ্রহণযোগ্য হতে পারে না।
শনিবার বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বরের গ্রান্ড হোটেল মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণভোট প্রসঙ্গে জিএম কাদের বলেন, এ বিষয়ে আলোচনা হবে সংসদে, সংসদের বাইরে, চায়ের দোকানে, ইউটিউবসহ সর্বত্র। তখন মানুষ বুঝে সিদ্ধান্ত নেবে—কোনটা ভালো, কোনটা খারাপ। কিন্তু আগে থেকেই অবস্থান চাপিয়ে দেওয়া ঠিক নয়। যেহেতু এই গণভোট সংবিধানসম্মত নয়, তাই আমি মনে করি এটি বেআইনি ও অবৈধ।
তিনি আরও বলেন, এখন বলা হচ্ছে যারা ‘না’ ভোটের পক্ষে কথা বলছেন, তারা স্বৈরাচারের দোসর। আমি বলতে চাই, যারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছেন, তারা নাৎসিবাদের দোসর। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণাকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, এতে সরকারি অর্থ ব্যয় হওয়াও সম্পূর্ণ অবৈধ।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জিএম কাদের বলেন, তিনি রংপুরের সন্তান এবং রংপুরের জনগণ বিপুল ভোটে তাকে লাঙ্গল প্রতীকে জয়ী করবেন বলে তিনি আশাবাদী। এ সময় তিনি উপস্থিত জনতার প্রতি আবারও লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শনিবার বিকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি রংপুর নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট চান।
পরে বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের। সেখানে তিনি নেতাকর্মীদের নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া এবং লাঙ্গল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ জোরদার করার নির্দেশ দেন।
এ সময় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি