চট্টগ্রাম প্রতিনিধি: দেশের মানুষের নিরাপত্তা ও অধিকার ফিরিয়ে আনব বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকা অবস্থায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে। দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ছিল।
তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার, বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা হরণ করা হয়েছে। তাই ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন এসেছে পরিবর্তনের জন্য। বাংলাদেশের মানুষ নিরাপদ পরিবেশ, নিরাপদ চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং সন্তানদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা সুবিধা চান।
চেয়ারম্যান বলেন, বর্তমান সময়ে দেশের জনসংখ্যার অর্ধেক তরুণ যারা কর্মসংস্থান ও নিরাপদ জীবন চায়। বিএনপি তাদের জন্য পরিকল্পনা তৈরি করেছে। বিএনপি সরকারের সময়ে লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়েছে। চট্টগ্রামের ইপিজেডগুলো সেই কর্মসংস্থানের উদাহরণ।
তারেক রহমান আরও বলেন, নতুন পরিকল্পনার মাধ্যমে আরও বেশি ইপিজেড তৈরি করা হবে, যাতে যুব সমাজের জন্য কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং ব্যবসা-বাণিজ্য আরও সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে।
তিনি বলেন, সারাদেশে মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করা হবে। বিএনপি সরকারের সময় আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে সফলভাবে কাজ করা হয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এটি দেশের মানুষের অধিকার সুরক্ষায় অপরিহার্য।
তারেক রহমান বলেন, বাংলাদেশে জলাবদ্ধতা ও বন্যার সমস্যা দূর করতে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। এটি দেশের নিরাপত্তা, জীবনমান ও কৃষি-অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পনাগুলো বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোট ও সমর্থন দিয়ে বিএনপিকে সরকার গঠন করার ক্ষমতা দিতে হবে। তখনই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
বক্তব্যের শেষে চট্টগ্রামের সকল আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে বেলা সোয়া ১২টায় তারেক রহমান মঞ্চে ওঠেন। তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে করতালিতে সমাবেশস্থল মুখর হয়ে উঠে এবং তিনি হাত নেড়ে নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানান।
রিপোর্টার্স২৪/এসসি