সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুক এক সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎটি সকাল ৯টা ৩০ মিনিটে আমীরে জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট ওয়ার্ড।
জামায়াতের পক্ষ থেকে সাক্ষাতে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
এ সময় দুই পক্ষ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা কথাবার্তা চলে।
দুই পক্ষই আশা প্রকাশ করেন যে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে। একই সঙ্গে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/এসসি