| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মের উছিলায় ভোট চাওয়ার রাজনীতি বন্ধ হোক: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৫:৩৮:২৭:অপরাহ্ন  |  ৭৭৯৪৩৯ বার পঠিত
ধর্মের উছিলায় ভোট চাওয়ার রাজনীতি বন্ধ হোক: সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ধর্মকে সামনে রেখে একটি মহল ভোট আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কেউ কেউ জান্নাতের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তবে এসব কৌশলে যেন ভোটাররা ভুল পথে না যান সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্গম এলাকা বমুবিলছড়িতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি।

বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ আদতে কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়াচক্র। তাদের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না।

তিনি আরও বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল রয়েছেন, তাদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আপনারা স্বাধীনতাপন্থি ও গণতান্ত্রিক শক্তির পাশে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনো বাংলাদেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা দেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে।

গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের চাপের মুখে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের শীর্ষ নেতৃত্ব ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আশা করি তাদের ভুল এখন পরিষ্কার হয়েছে। তারা ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস রাখবেন এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছাড়তে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি। যারা দেশে আছেন, তারা বিভিন্ন রাজনৈতিক দলে রাজনীতি করতেই পারেন। এটি তাদের ব্যক্তিগত অধিকার।

সভায় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, যুবদল নেতা রেজাউল করিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪