| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২১:৫৬:৫১:অপরাহ্ন  |  ৭৫৩৩২০ বার পঠিত
আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার: আয়-রোজগারের খোঁজখবর নিতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “আপনারা জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে আমার আয়-রোজগারের খোঁজখবর নেন। আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না। আমি কখনো চুরি করি নাই, ডাকাতিও করি নাই।”

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, “সবাই যদি একসঙ্গে কাজ করেন, তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে আমার জয় লাভ করতে কোনো সমস্যা হবে না।” তিনি অভিযোগ করে বলেন, প্রতিদিন সকালে কিছু লোক তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বদনাম শুরু করে। অথচ তিনি রাজপথে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করেছেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে কথা বলেছেন।

মির্জা আব্বাস বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর ভোট কারচুপি ছাড়া আমরা নির্বাচন করতে চাই। যার ভোট যাকে খুশি তাকে দেবে—এই নীতিতে আমরা বিশ্বাসী।”

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমেই বিএনপি আজ এই জায়গায় এসেছে। কিন্তু কিছু লোক দাবি করে, তারাই সব করেছে—এমন মানসিকতা দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, “আজ একটি দল ভাবছে দেশটা তাদের হয়ে গেছে। কেউ কেউ বলে বিএনপিকে একটি সিটও দেওয়া হবে না। আমি প্রশ্ন করতে চাই—তোমরা সিট দেওয়ার কে? দেশ কি তোমরা ইজারা নিয়েছো? সিট দেওয়ার মালিক আল্লাহ।”

মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন বহু প্রতীক্ষিত। “ভোট আদায়ের জন্য যেমন যুদ্ধ হয়েছে, ঠিক ভোট দেওয়ার জন্যও আরেকটি যুদ্ধ করতে হবে। ভোট ইঞ্জিনিয়ারিং যারা করছে, তাদের একটি পরিকল্পনা আছে।”

তিনি দাবি করেন, সরকারের ভেতরে এখনও একটি চক্র রয়ে গেছে এবং সব ষড়যন্ত্র মোকাবিলা করেই জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪