| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ২১:৫৬:২১:অপরাহ্ন  |  ৭৫০৯০৪ বার পঠিত
ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ময়মনসিংহ প্রতিনিধি: জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতেই হবে, এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোট দেওয়ার মাধ্যমেই ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে মানুষের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে ঢাকার বাইরে এটি ছিল তার তৃতীয় বড় সমাবেশ। তার উপস্থিতিতে সমাবেশস্থলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। যদিও দলীয়ভাবে জানানো হয়েছিল দুপুর ২টা ৩০ মিনিটে বক্তব্য শুরু করবেন, তবে বিকেল ৪টা ৩ মিনিটে তিনি মঞ্চে উঠে ভাষণ দেন।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলাগুলোতে দৃশ্যমান কোনও সংস্কার হয়নি। কারণ এই সময় জনগণের ভোটের অধিকার ছিল না, নির্বাচিত জনপ্রতিনিধিও ছিল না। এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত হয়নি, পর্যাপ্ত ওষুধ সরবরাহ ছিল না,অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়নি।

সমাবেশে কৃষকদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চলের অনেক কৃষক পোনা উৎপাদনের সঙ্গে জড়িত। এই পোনা উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ চায় একজন সঠিক অভিভাবক, আর যুবসমাজ চায় কর্মসংস্থান যা বিএনপির রয়েছে। তিনি অভিযোগ করেন, অনেকেই জনসভায় পরিকল্পনার কথা না বলে গীবত ও নেতিবাচক বক্তব্য দেন, যা কাম্য নয়। জনগণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা থাকা জরুরি। বিএনপি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা ও অভিজ্ঞতা দুটোই রাখে।

বিএনপি ক্ষমতায় এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং দুর্নীতির লাগাম টেনে ধরার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি নারী উন্নয়নের কথা তুলে ধরে বলেন, অতীতে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এর ফলে আজ নারীরা শিক্ষিত হয়ে পুরুষদের পাশাপাশি কাজ করছেন। ভবিষ্যতে নারীদের আরও সুযোগ-সুবিধা বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি, যাতে চাল-ডালের জন্য মা-বোনদের কষ্ট করতে না হয়।

কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান। এই কার্ডের মাধ্যমে সার, কীটনাশক, বীজসহ কৃষি উপকরণ সহজে পাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। তার ভাষায়, কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি অভ্যন্তরীণ দ্বিধা-দ্বন্দ্ব ও বিভাজন ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনের জন্য সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও সমন্বয় অপরিহার্য বলেও মন্তব্য করেন।

ভোটের দিন করণীয় সম্পর্কে তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ ফজরের নামাজ আদায় করে দোয়া করবেন, আশপাশের মানুষকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। ভোট দিয়ে চলে এলেই হবে না; ভোট পাহারা দিতে হবে, যেন ভোট চুরি না হয়। ভোটের ফলাফল নিয়ে তবেই বাড়ি ফিরতে হবে। এ লক্ষ্যেই ‘মিলেমিশে কাজ করবো, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

এর আগে মঞ্চে ওঠার আগে তারেক রহমান সমাবেশস্থলের পাশেই জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

জনসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪