গাজীপুর প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চব্বিশের জুলাই আন্দোলনে গাজীপুরের মানুষের বিরাট ভূমিকা রয়েছে। অধিকার আদায়ের সেই আন্দোলনে গাজীপুরের লাখ লাখ মানুষ রাজপথে নেমে গণতন্ত্র রক্ষার সংগ্রামে অংশ নিয়েছে। এই গণতান্ত্রিক অর্জন রক্ষা করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোরবেলায় ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গাজীপুরকে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের রাজধানী বলা হয়। এ দেশের গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর হাত ধরেই শিল্পায়নের যাত্রা শুরু হয় এবং এর ফলে লক্ষ লক্ষ মা-বোন ও ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, দেশ থেকে বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রমও শুরু হয়েছিল বিএনপি সরকারের সময়। খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে যদি কেউ আন্তরিকভাবে কাজ করে থাকে, সেটি বিএনপি সরকার। গার্মেন্টস শিল্পকে ঘিরে আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। গাজীপুরে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষক ভাইদের কৃষি কার্ড প্রদান করা হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। শিল্প কারখানায় কর্মরত মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।
গাজীপুরের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, গাজীপুরে তুরাগ, লবনদহ ও চিলাই—এই তিনটি গুরুত্বপূর্ণ খাল রয়েছে। আগামী ১২ তারিখের নির্বাচন শেষে এই তিনটি খাল পুনঃখননের কাজ শুরু করা হবে। গাজীপুরকে দূষণমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, জয়দেবপুর রেলগেট এলাকায় তীব্র যানজটের কারণে প্রতিদিন মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগ লাঘবে দ্রুত এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ শেষে সবাই ভোটকেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্রের সামনে জামাত করে নামাজ আদায় করবেন, যাতে আগে থেকেই কেউ সেখানে অবস্থান নিতে না পারে। বিগত বছরগুলোতে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, এবার আর সেই ডাকাতি হতে দেওয়া যাবে না। নিজের অধিকার নিশ্চিত করেই ঘরে ফিরতে হবে।
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান গাজীপুর জেলার পাঁচটি আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, গাজীপুর নিয়ে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে এই প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।
এর আগে সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দেশে রওয়ানা হন তারেক রহমান। চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর সড়ক ধরে বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড় অতিক্রম করে দীর্ঘ সময় পর রাত ১১টা ৫০ মিনিটে স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে তিনি সভামঞ্চে ওঠেন। এ সময় রাজবাড়ী মাঠে উপস্থিত নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
রিপোর্টার্স২৪/বাবি