| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৮:১৫:৪৪:অপরাহ্ন  |  ৭৪৮০৯৫ বার পঠিত
আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা অন্যায় করেছে, কেবল তাদেরই বিচার হবে। নিরপরাধ সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা হবে না।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানী বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই আপনারা কোনো ভয় বা দুশ্চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। যারা অপরাধ করেছে, শুধু তাদেরই শাস্তি হবে। আর যারা নিরপরাধ, তাদের আমরা আগলে রাখব।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, এবার তো নৌকা নেই। নৌকা পালিয়ে গেছে। শেখ হাসিনা ভারতে চলে গেছেন। মাঝখানে তার সমর্থকদের বিপদে ফেলে গেছেন। সেই বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, আর মাত্র ১৫ দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৫ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করছি এবার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। যদিও নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে মানুষ এখনো পুরোপুরি স্বস্তিতে নেই, তবে রাতের ঘুম আগের তুলনায় শান্তিপূর্ণ হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পছন্দের সরকার গঠন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিএনপি কাজ করবে বলেও জানান।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটাই আমার শেষ নির্বাচন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে সমর্থন দিলে আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ পাব।

পথসভা শেষে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সভায় জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪