নওগাঁ প্রতিনিধি: সারাদেশে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ প্রায় ২০ বছর পর নওগাঁ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নওগাঁ শহরের এটিম মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এটিম মাঠ ঘুরে দেখা যায়, মঞ্চ তৈরির কাজ ও সাউন্ড সিস্টেম স্থাপনে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এ সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি নওগাঁর উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা জনসভায় তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন রিপন।
তিনি আরও জানান, জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। জনসভায় প্রায় দুই লাখের বেশি মানুষের সমাগম হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। রাজশাহীতে সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দেবেন। নওগাঁর কর্মসূচি শেষ করে একই দিন বগুড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি