| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ০৬:০৭:৫০:পূর্বাহ্ন  |  ৭৪৫৫৯১ বার পঠিত
তিন দিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার তিন দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানে প্রথমে রাজশাহীতে পৌঁছাবেন তিনি।

রাজশাহীতে পৌঁছে বিএনপি চেয়ারম্যান দুপুর দেড়টার দিকে শাহ মাখদুম (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর রাজশাহী মহানগর বিএনপি ও রাজশাহী বিভাগের চারটি জেলা বিএনপির আয়োজনে রাজশাহী মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, সবকিছু ঠিক থাকলে আজ দুপুরের দিকে রাজশাহীর সমাবেশে দলের চেয়ারম্যান বক্তব্য দেবেন। এই সমাবেশকে ঘিরে ইতোমধ্যে মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রাজশাহীর কর্মসূচি শেষে আজ বিকেলে নওগাঁর এটিম মাঠ ও কাজীর মোড় এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বগুড়ায় আলফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। প্রথম দিনের কর্মসূচি শেষে বগুড়ার নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন তিনি।

দীর্ঘ ১৯ বছর পর আজ সন্ধ্যার পর বগুড়ার মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে বগুড়া জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বগুড়ায় পৌঁছে তিনি বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এবং জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন।

পরদিন শুক্রবার সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর, সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক একাধিক পথসভায় অংশ নেবেন তিনি। কর্মসূচির অংশ হিসেবে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীতে তাঁর পিতার জন্মস্থানে যাওয়ার কথাও রয়েছে।

শুক্রবার বিকেল পৌনে ৪টায় রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে। পরে বিকেল সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

তৃতীয় দিন শনিবার সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাসে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফরের শেষ দিন রাত ৮টার দিকে গুলশানের বাসভবনে তাঁর ফিরে আসার কথা রয়েছে।

দীর্ঘদিন পর উত্তরবঙ্গজুড়ে টানা এই নির্বাচনী সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪