রাজশাহী প্রাতিনিধি: রাজশাহী পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি ফ্লাইটে তিনি রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘ প্রায় ২১ বছর পর রাজশাহীতে এলেন বিএনপির এই শীর্ষ নেতা।
দলীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম (র.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে সর্বশেষ ২০০৪ সালে তিনি রাজশাহীতে এসেছিলেন। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন পর দলীয় চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এরপরও বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের আগমন অব্যাহত থাকে।
দলীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই নির্বাচনী জনসভা স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাবেশে রূপ নিতে পারে। জনসভায় তিনি রাজশাহী বিভাগ নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন এবং আগামী জাতীয় নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনে বিজয়ের লক্ষ্যে দিকনির্দেশনা দেবেন।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, জনসভায় তারেক রহমান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দলীয় প্রার্থীদের নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং ভোট প্রার্থনা করবেন। একই সঙ্গে রাজশাহীতে আইটি ভিলেজ স্থাপন করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ইপিজেড গঠন এবং মৃতপ্রায় রেশম শিল্পনগরীর ঐতিহ্য পুনরুদ্ধারসহ সারাদেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন তিনি।
জনসভা শেষে বিকেলে নওগাঁ ও বগুড়ার জনসভায় যোগ দিতে রাজশাহী ত্যাগ করবেন বিএনপির চেয়ারম্যান।
রিপোর্টার্স২৪/এসসি