| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ২২:৪০:২৪:অপরাহ্ন  |  ৭৪৫১৪১ বার পঠিত
পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার: বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ জনগণের, আর জনগণের উন্নয়নেই তা ব্যয় করা হবে।

বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত বিজয়ী হলে পাচার হওয়া অর্থ ফেরত আনার সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি বলেন, এটা জনগণের টাকা। এই টাকা জনগণের উন্নয়ন খাতে যুক্ত হবে ইনশাআল্লাহ।

নির্বাচনের পর চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াতের আমির বলেন, ১৩ তারিখ থেকে দেশের চিত্র পাল্টে যাবে এবং ৯০ শতাংশ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াতের নেতা-কর্মীরাও মাঠে থাকবে বলে জানান তিনি।

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, চারদলীয় জোট সরকারের সময় জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত ছিলেন না। তিনি দাবি করেন, মন্ত্রণালয়গুলোকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতেই আমরা দায়িত্বে ছিলাম।

তিনি আরও বলেন, কেউ কেউ প্রশ্ন তুলছেন—আপনারা যদি এত সৎ হয়ে থাকেন, তাহলে দায়িত্ব ছেড়ে দেননি কেন? এর জবাবে তিনি বলেন, আমরা ছেড়ে যাইনি, কারণ অন্তত কয়েকটি মন্ত্রণালয় যেন দুর্নীতিমুক্ত থাকে—সেটাই আমাদের উদ্দেশ্য ছিল।

এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশে দেশের ভূখণ্ড নয়, বরং মানুষের চরিত্র ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। তিনি বলেন, গত ৫৪ বছরে দেশ পরিচালনায় অধিকাংশ সময়েই জুলুম ও ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে, যদিও মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪