| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ০৯:৩৪:১৯:পূর্বাহ্ন  |  ৭৩৪৮৫৭ বার পঠিত
আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে রংপুর জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মহানগরী থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য ও রাজনৈতিক উদ্দীপনা।

তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যেই রংপুর শহরসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো। দলীয় কার্যালয়গুলোতেও বিরাজ করছে ব্যস্ততা। দীর্ঘদিন পর শীর্ষ নেতার সরাসরি উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও আবেগঘন প্রত্যাশা।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আজ প্রথমে বগুড়ায় যাবেন। সেখান থেকে রংপুরে আসার পথে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় রংপুর কালেক্টরেট ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এই জনসভাকে ঘিরে রংপুরসহ আশপাশের জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। শুধু বিএনপি নয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ঘটবে।

রাতের বেলা রংপুরে অবস্থান শেষে আগামীকাল শনিবার সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।

এদিকে তার আগমন উপলক্ষে পীরগঞ্জেও সাজ সাজ রব পড়ে গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অনেকেই দীর্ঘদিন পর তাকে এক নজর দেখার আশায় অপেক্ষা করছেন।

দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী পীরগঞ্জে যাবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানিয়ে শোভাযাত্রা সহকারে রংপুরে নিয়ে আসা হবে।

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের রংপুর সফরকে ঘিরে বিএনপির তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে, তা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪