| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার বিচার দাবিতে আজ বাদ জুমা ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৩:৩০:০১:অপরাহ্ন  |  ৭৩০২৬৪ বার পঠিত
হাদি হত্যার বিচার দাবিতে আজ বাদ জুমা ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে।

শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টের সঙ্গে সংযুক্ত একটি ব্যানারে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার এবং জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মুক্তিকামী জনতার বিক্ষুব্ধ মিছিল।”

ব্যানারে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকেই মিছিলটি শুরু হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে সন্ত্রাসী হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

এই ঘটনায় এখন পর্যন্ত দেশে ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে একাধিক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪