| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুরের জনসভায় যোগ দেবেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৪:০৪:২৯:অপরাহ্ন  |  ৭৩৩৫৫১ বার পঠিত
আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুরের জনসভায় যোগ দেবেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ দুই যুগ পর রংপুর সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর নগরীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

বিএনপি সূত্র জানায়, আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় যোগ দেবেন। জনসভা বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে।

জনসভাকে কেন্দ্র করে রংপুরজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরীতে আসতে শুরু করেছেন। জুমার নামাজের পর জনসমাগম আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, কালেক্টরেট ঈদগাহ মাঠে মঞ্চ নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জনসভা এলাকায় একাধিক ডিজিটাল এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, যাতে দূরবর্তী স্থান থেকেও বক্তব্য শোনা ও দেখা যায়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মাইক ও স্ক্রিন বসানো হয়েছে।

এদিকে জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগর পুলিশ জানিয়েছে, পুরো এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ ও রুফটপ নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। নগরীর বিভিন্ন তল্লাশিচৌকিতে নজরদারি জোরদার করা হয়েছে।

মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, জনসভা এলাকা ও যাতায়াতের পথগুলো নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার ভবনে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রংপুর অঞ্চলে বিএনপির পক্ষে গণজাগরণ তৈরি হয়েছে, যার প্রতিফলন জনসভায় দেখা যাবে।

তিনি আরও বলেন, বৃহত্তর রংপুর দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিমানবন্দর চালু, ভারী শিল্পে গ্যাস সংযোগ, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গঠন এবং শহীদ আবু সাঈদের নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপনের দাবিসহ একাধিক বিষয় তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহী থেকে উত্তরাঞ্চল সফর শুরু করেন তারেক রহমান। ইতোমধ্যে রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় পৃথক জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪