রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফর করবেন। উত্তরবঙ্গ সফরের পর এটি তার প্রথম নির্বাচনী প্রচারণা টাঙ্গাইলে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জানা গেছে, শনিবার বিকেলে তারেক রহমান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দরুন বাইপাস এলাকায় পথসভা করবেন। মঞ্চের কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং জেলা-উপজেলায় প্রস্তুতি চলছে।
পথসভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এদিন টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে দরুন এলাকা পর্যন্ত মহাসড়কের দুপাশে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানান, তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উচ্ছ্বাস বিরাজ করছে, প্রিয় নেতার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
নির্বাচনী প্রস্তুতিতে কেন্দ্রীয় দলের শীর্ষ নেতারা মাঠে সক্রিয়ভাবে উপস্থিত এবং সভাস্থল পরিদর্শন করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও এলাকায় নজরদারি করছেন।
সচেতন মহল মনে করছে, দীর্ঘদিন পর টাঙ্গাইলে নেতাকে সামনে থেকে দেখার আনন্দ স্থানীয় রাজনীতি ও নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।
রিপোর্টার্স২৪/আয়েশা