| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা স্বাধীনতা চায়নি, তারাই সনাতনীদের নির্যাতন করেছে: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৬:০১:২১:অপরাহ্ন  |  ৭৩৩০০৪ বার পঠিত
যারা স্বাধীনতা চায়নি, তারাই সনাতনীদের নির্যাতন করেছে: সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারাই আজ নতুন রূপ ধারণ করে আবার নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের শক্তির হাতে এ দেশের সব নাগরিক কতটা নিরাপদ তা ভেবে দেখার সময় এসেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া সদরের বিশ্বাস পাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

সালাহউদ্দিন বলেন,মহান মুক্তিযুদ্ধের সময় একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের হাতে এ দেশের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বেশি নির্যাতন ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই ইতিহাস সনাতন সম্প্রদায়ের পূর্বপুরুষেরা ভালোভাবেই জানেন। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, স্বাধীনতা চায়নি তারাই এ দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছে।

তিনি আরও বলেন, আজ সেই শক্তিগুলোই নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এ দেশের মানুষ বিশেষ করে সংখ্যালঘুরা নিরাপদ কি না, সে প্রশ্ন দেশবাসীর কাছে রেখে যাচ্ছি।

বিএনপির শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির সময় এ দেশের সব ধর্মের মানুষ নিরাপদ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি সবাইকে ‘বাংলাদেশি’পরিচয়ের মধ্যে একত্রিত করেছিলেন।

সালাহউদ্দিন বলেন, আমরা কোনো জাতিগত বিভাজন, ধর্মীয় বিভাজন কিংবা বর্ণভিত্তিক বিভক্তিতে বিশ্বাস করি না। আমরা চাই, এই ভূখণ্ডে বসবাসকারী সবাই মিলেমিশে বাংলাদেশি পরিচয়ে বসবাস করুক।

পেকুয়া উপজেলা বিশ্বাস পাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দময় বিশ্বাস তিলক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, বিশ্বাস পাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শিমুল বিশ্বাস,

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অংতোয়াইচিং রাখাইন,বারবাকিয়া লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন কান্তি নাথ,বারবাকিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি পরিতোষ নাথ,শিলখালী বিষ্ণু মন্দিরের সভাপতি মাস্টার অনিল কান্তি শিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪