স্টাফ রিপোর্টার: জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া বরাবরই বিএনপির ঘাঁটি। সেটা আবারও প্রমাণ করতে বগুড়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আগামী ১২ তারিখ নির্বাচন, এই বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি—এটা সারা বাংলাদেশ জানে। বগুড়ার মানুষ এবার প্রমাণ করে দেখাবে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।’
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই। আমি আপনাদের সন্তান। মহান আল্লাহ সুযোগ দিলে দেশ ও দেশের মানুষের কাজে নিজেকে নিয়োজিত হতে পারি, এ জন্য সবার দোয়া চাই।’
এসময় আরও বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি জনসভা শেষে বগুড়ায় জনসভা করেন তারেক রহমান। আগামীকাল তার সিরাজগঞ্জে নির্বাচনি জনসভা করার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব