রংপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা ও দুর্নীতির অবস্থা নিয়ন্ত্রণে আনতে একমাত্র বিএনপিই সক্ষম। শুক্রবার(৩০জানুয়ারি) রাতের রংপুর কালেক্টরেট ঈদগাঁহ মাঠে আয়োজিত বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা ঠিকভাবে পরিচালনা করা, মানুষকে নিরাপদে রাখা এই অভিজ্ঞতা শুধুমাত্র বিএনপিরই আছে। অতীতে আমরা দেখিয়েছি, কিভাবে আইনশৃঙ্খলা শক্তভাবে নিয়ন্ত্রণ করা যায়। এ অভিজ্ঞতা নিয়ে আমরা আবারও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারব।
তিনি আরও বলেন, বিএনপি একমাত্র দল, যা দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে পারে। বিগত ১৬ বছরে উন্নয়নের নামে যেসব মেগা প্রজেক্ট করা হয়েছে, তার মধ্যে অনেকটাই দুর্নীতির হাতিয়ার হয়ে গেছে। এই দুর্নীতিকে রোধ করা এবং লুটপাট হওয়া অর্থ দেশের কাজে ফিরিয়ে আনা সম্ভব শুধুমাত্র বিএনপির নেতৃত্বে।
বিএনপি চেয়ারম্যান দেশের মানুষকে নিরাপদ ও সমৃদ্ধ জীবন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষ চায় শুধু বড় বিল্ডিং বা ফ্লাইওভার নয়, তারা চায় নিরাপদ রাস্তায় চলাচল, রাতের অন্ধকারে নিরাপদে ঘুম, কর্মসংস্থানের সুযোগ। এই ব্যবস্থা যদি তৈরি করতে হয়, তা শুধুমাত্র আপনাদের সমর্থনের মাধ্যমে সম্ভব।
তিনি অভিযোগ করেন, বিএনপি সম্পর্কে কিছু পক্ষ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারেক রহমান বলেন, যারা দাবি করছে, ২০০১–২০০৬ সালে পরিস্থিতি অন্যরকম ছিল, তারা ভুল বলছে। যারা তখন আমাদের সঙ্গে ছিল, তারা এখনও আমাদের সঙ্গেই ছিল। এটাই প্রমাণ যে, দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিএনপি সক্ষম।
তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন চেয়ে বলেন, এই সুযোগকে আমরা দেশের জন্য কাজে লাগাবো এবং একত্রে পরিশ্রম করলে উত্তরাঞ্চল, রংপুরসহ পুরো দেশ মঙ্গাপীড়িত থাকবে না। ধানের শীষের প্রতি আপনার সমর্থন থাকলে আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হব।
জনসভায় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসসি